

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকায় মইন উদ্দিন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত মইন উদ্দিন বেলতলা এলাকার বাসিন্দা। তিনি আবুল হাসেম ও রানু বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। প্রায় ছয় মাস ধরে এ বিষয়ে বিভিন্ন ধরনের বিরোধ ও ঝামেলা চলমান ছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তার ছেলে ঘরের ভেতরে মইন উদ্দিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনকে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
