

লাকসাম(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজীমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে লাকসাম বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুম কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজীমের কর্মময় জীবন, রাজনৈতিক অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, জনবান্ধব ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব। লাকসাম-মনোহরগঞ্জের মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। তিনি তাঁর বক্তব্যে মরহুম আনোয়ারুল আজীমের রাজনৈতিক আদর্শ, নেতৃত্বগুণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে মরহুম কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজীমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাই তাঁর আত্মার শান্তি কামনা করেন।

ছবির ক্যাপশন:
লাকসামে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজীমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য আবুল কালাম। এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
