

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রকাশ্যে ধূমপান, অবৈধ হকারি ও বিনা টিকিটে রেল ভ্রমণকারীদের বিরুদ্ধে বিশেষ ব্লক চেক পরিচালনা করা হয়েছে। স্টেশন মাস্টারের নেতৃত্বে সিআই, আরএনবি ও জিআরপি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
ব্লক চেক চলাকালে স্টেশন চত্বর ও প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের টিকিট পরীক্ষা করা হয়। একই সঙ্গে রেলওয়ে এলাকায় ধূমপানকারী, সিগারেট বিক্রেতা এবং অনুমোদনহীনভাবে হকারি পরিচালনাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে বিধি মোতাবেক সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি রেলওয়ে স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে বিনা টিকিটে রেল ভ্রমণ নিরুৎসাহিত করা, অবৈধ হকারি নিয়ন্ত্রণ এবং স্টেশন এলাকায় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
