মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদ কর্তৃক গঠিত মেডিকেল টিম–১-এর উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নে জরুরি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ এবং ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচিতে বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে দিনব্যাপী নিরলসভাবে কাজ করেন মেডিকেল টিমের সদস্যরা।

 

মেডিকেল টিম–১-এর সমন্বয়ক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। টিমে আরও ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, ডা. আব্দুল্লাহ আর রায়হান, ডা. গোলামকার সিফাত-উল-হক, ইফতেখার আহমেদ শিহাব, ডা. জারিফ খান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাবির আহমেদ ও ডা. মো. সারিয়ার শরীফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল হাবিব, সিনিয়র সহ-সভাপতি মো. ইরফানুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাফায়েত হোসেন শিশির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক তানজুম জাহান আরশি এবং সাংগঠনিক সম্পাদক মো. মুশফিকুর রহমান।

এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল হাবিব বলেন, “চট্টগ্রামের মানুষ এর আগে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি। দুর্গত মানুষের এই দুর্দশার সময় আমরা ঘরে বসে থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকায় চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এই কার্যক্রম অসহায় মানুষের পাশে থাকার একটি ক্ষুদ্র প্রয়াস। যতদিন প্রয়োজন, ততদিন আমরা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং ছাত্রদল সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যতেও চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply