

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে উন্নয়নকাজ নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও যুবলীগ নেতা নাজমুল হোসেন শাওনের পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে এবার নিজের বক্তব্য তুলে ধরেছেন যুবলীগ নেতা সালেহ আহমেদ রাসেল।
সালেহ আহমেদ রাসেল বলেন, ২১ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজ নিয়ে বিভিন্ন মহল থেকে যে বক্তব্য ও পাল্টাপাল্টি দাবি করা হচ্ছে, তাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। উন্নয়নকাজের প্রকৃত বরাদ্দ, প্রকল্পের আওতা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এবং কাজের অগ্রগতি সম্পর্কে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।
তিনি বলেন, উন্নয়নকাজ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়।জনগণের অর্থে পরিচালিত এসব উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের সুবিধা নিশ্চিত করা। তাই কোনো উন্নয়নকাজ নিয়ে রাজনৈতিক কৃতিত্বের প্রতিযোগিতার পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
রাসেল আরও বলেন, প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকার উন্নয়নকাজের বিষয়ে যেসব বক্তব্য সামনে এসেছে, সেগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথিপত্র ও প্রকল্পের তথ্য জনগণের সামনে প্রকাশ করা উচিত। এতে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে এবং কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ থাকবে না।
এর আগে ২১ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজের বিষয়টি নিয়ে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও যুবলীগ নেতা নাজমুল হোসেন শাওন পরস্পরবিরোধী বক্তব্য দেন। তাদের বক্তব্যের পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
এদিকে স্থানীয়দের দাবি, উন্নয়নকাজের বরাদ্দ, প্রকল্প অনুমোদন, ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে এ নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান হবে।
