

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার লালমাই উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে আবদুল মালেক নামে এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক নির্মূলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলঘর উত্তর ইউনিয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে বক্তব্য দিতে ডায়াসে ওঠেন অধ্যক্ষ আবদুল মালেক। বক্তব্য শুরুর মাত্র তিন মিনিটের মাথায় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে টেবিলের ওপর লুটিয়ে পড়েন।
এ সময় উপস্থিত লোকজন দ্রুত তাঁর কাছে ছুটে গিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁর মৃত্যু হয়।
অধ্যক্ষ আবদুল মালেকের আকস্মিক মৃত্যুতে সমাবেশে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
