

সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে মহানগর এক্সপ্রেসে ট্রেন।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট ও ফেনীসহ আশপাশের অঞ্চলের যাত্রীদের জন্য আসছে সুখবর। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে লাকসাম, নাঙ্গলকোট, কুমিল্লা ও ফেনী অঞ্চলের যাত্রীরা ট্রেন পরিবর্তনের ঝামেলা ছাড়াই সরাসরি পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের সুযোগ পেতে পারেন।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের প্রধান পরিচালন সুপারিনটেনডেন্টের কার্যালয়ের একটি চিঠিতে মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট সম্প্রসারণ ও পরিচালনাসংক্রান্ত পরিকল্পনার তথ্য উঠে এসেছে। চিঠিতে ট্রেনের চলাচল, সময়সূচি এবং সংশ্লিষ্ট স্টেশনগুলোর কার্যক্রম নিয়ে নির্দেশনা ও পরিকল্পনার উল্লেখ রয়েছে।
রেলওয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিল্লা ও ফেনী অঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনা তৈরি হবে। বর্তমানে এসব এলাকা থেকে কক্সবাজার যেতে অনেক যাত্রীকে চট্টগ্রামে গিয়ে ট্রেন পরিবর্তন করতে হয়। সরাসরি ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি সময় ও যাতায়াতের খরচ সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে।
কক্সবাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনীসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ পরিবার-পরিজন নিয়ে সেখানে ভ্রমণ করেন। সরাসরি রেল যোগাযোগ চালু হলে পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে লাকসাম রেলওয়ে জংশন থেকে কক্সবাজারগামী সরাসরি ট্রেন চলাচলের ব্যবস্থা কার্যকর হলে স্থানীয় যাত্রীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে দেশের পর্যটন খাত ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।
