লাকসামে পাগলা কুকুরের কামড়ে আহত চার শিশু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে পাগলা কুকুরের কামড়ে চার শিশু আহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি চারআনি পাড়ায় এ ঘটনা ঘটে। আহত শিশুদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ আগস্ট হঠাৎ একটি পাগলা কুকুর এলাকায় চড়াও হয়ে একে একে চার শিশুকে কামড়ে আহত করে। তাদের মধ্যে দুই শিশুর আঘাত গুরুতর ছিল। ঘটনার পরপরই স্বজনরা আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিশুরা হলো মুসকান ইসলাম (৪), পিতা মানিক মিয়া, তামীম (৬), পিতা জাহাঙ্গীর আলম, সাহেদ (১৫), পিতা মো. সেলিম এবং সায়মা (৬), পিতা আবদুল কাদের।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত চার শিশুকেই তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর আঘাত গুরুতর হলেও বর্তমানে চিকিৎসার পর অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসাক্রম অনুযায়ী প্রতিটি শিশুকে মোট পাঁচটি করে জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, “হাসপাতালে আনার পরপরই শিশুদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, এলাকায় পাগলা কুকুরের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। এ ধরনের কুকুরের দেখা মিললে কাছে না গিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply