

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলা নববর্ষকে ঘিরে কুমিল্লার লাকসামে জমে উঠেছে ঐতিহ্যবাহী বৈশাখি মেলা। উপজেলার স্টেডিয়াম মাঠের স্থানে বসা এ মেলায় প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মেলায় রয়েছে গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ—মাটির তৈরি খেলনা, বাঁশ ও বেতের সামগ্রী, হাতের কাজের পণ্য, গৃহস্থালির জিনিসপত্রসহ শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলার আয়োজন। এছাড়াও নাগরদোলা, ঘুড়ি, বায়স্কোপ,মোটরসাইকেল সার্কাস,ভূতের বাড়ির যাদু,ঘোড়া দৌড়সহ বিনোদনের নানা উপকরণ মেলাকে করে তুলেছে আরও প্রাণবন্ত।
খাবারের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে পিঠা-পুলি, জিলাপি, বাতাসা ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা।
মেলার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শৃঙ্খলা ও নিরপত্তার দ্বায়িত্ব পালন করছেন লাকসাম উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আয়োজকরা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতেই প্রতিবছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলা চলবে এক সপ্তাহব্যাপী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত। বৈশাখের এই আনন্দঘন আয়োজন এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।
