লাকসামে ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা ২, উদ্ধার ৫টি ছাগল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম উপজেলায় ছাগল চুরির সময় দুইজন চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ চুরি হওয়া ৫টি ছাগল উদ্ধার করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে লাকসাম থানার নোয়াপাড়া বাজার এলাকার নোয়াপাড়া জামে মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একই দিন ভোরের আগে কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও (আবেদনগর) গ্রামের মাওলানা মোঃ আবু তাহেরের বাড়ির পাশের ছাগলের ঘর থেকে ৫টি ছাগল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাচ্ছিল চোরচক্রটি।

এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সড়কে ব্যারিকেড দেয়। পরে সিএনজিসহ দুইজনকে আটক করা হয় এবং চুরি হওয়া ছাগলগুলো উদ্ধার করা সম্ভব হয়।

আটককৃতরা হলেন— মোঃ জনি (২৮), কোতয়ালী থানা, কুমিল্লা এবং মোঃ বিল্লাল হোসেন (৩৫), ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা। তাদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। জনির বিরুদ্ধে ৩টি এবং বিল্লালের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ছাগলের মালিক বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন। লাকসাম থানা পুলিশ আসামিদের আটক করে। আটককৃত  দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply