জুলাই শহিদ দিবসে শহীদ ইউসুফকে স্মরণ, লাকসামে সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলার সাতঘর ইছাপুরায় জুলাই আন্দোলনের শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

পরে শহীদ মো. ইউসুফের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুনাহার লাইলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলাল।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।

Leave a Reply