

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার (১লা বৈশাখ) সকাল ৮টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম স্টেডিয়াম মাঠে গিয়ে সমাপ্ত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক সভাপতি আবুল হাশেম মানু এবং গুম পরিবারের সদস্য রাফসান শাহরিয়ারসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত বৈশাখী মেলায় নারী উদ্যোক্তা ও সাধারণ উদ্যোক্তাদের বিভিন্ন খাবার খেলনা ও পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য আবুল কালাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
সকাল ৯টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বৈশাখী গান ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। নাচ-গানের মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে পান্তা ইলিশের আয়োজন করা হয় সংসদ সদস্য আবুল কালাম সাহেবের পক্ষ থেকে।
সব মিলিয়ে, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে লাকসামে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তবে লাকসামে বৈশাখি মেলা চলবে এক সপ্তাহ ব্যাপী।
