
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার (৩১ মে ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর মাস্টার বাড়ি সংলগ্ন গোমতী নদীর আইলের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোস্তাককে তল্লাশি করে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মোস্তাক গোলাবাড়ি (ভুঁইয়া বাড়ি) এলাকার মৃত শামসুল হক ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য এবং মাদক পাচার ও বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

