লাকসামে অসহায় কৃষকের শেষ সম্বল ৪টি গরু চুরি, দিশেহারা পরিবার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে এক অসহায় কৃষকের খামারে থাকা চারটি গরু সবগুলোই চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোই ছিল পরিবারটির অন্যতম সম্বল। এক রাতেই সবগুলো গরু হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুর গ্রামে।

ভুক্তভোগী কৃষক ফজলুর রহমান জানান, গত ১৬ নভেম্বর ভোররাতে দুর্বৃত্তরা তাঁর খামার থেকে সবগুলো গরু চুরি করে নিয়ে যায়। তিনি লাকসাম জংশন মার্কেটে নাইট গার্ডের চাকরি করেন। ঘটনার রাতে তিনি নাইট ডিউটি শেষে বাড়িতে ফিরে খামারের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, খামারে থাকা চারটি গরুর একটি ও নেই । রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গরুগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে দুটি ষাঁড়, একটি গাভী ও একটি বাছুর। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুর রহমানের পরিবারের কাছে গরুগুলো ছিল অত্যন্ত মূল্যবান সম্পদ। দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে ছিল তাঁর এই খামার। একসঙ্গে চারটি গরু হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে, চুরির খবর শুনে গভীর দুঃখ প্রকাশ করেছেন লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মোখলেছুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

অসহায় কৃষক ফজলুর রহমানের পরিবারের দাবি, চুরি হওয়া গরুগুলো দ্রুত উদ্ধার করে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Leave a Reply