লাকসামে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

লাকসাম কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে মাদক সেবনের দায়ে বাদশাহ মিয়ার ছেলে মোঃ রাকিব হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব লাকসাম এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তাকে এ দণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পূর্ব লাকসাম এলাকায় মাদক সেবনরত অবস্থায় মোঃ রাকিবকে দেখতে পান স্থানীয় এলাকাবাসী। পরে তারা তাকে আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে লাকসাম উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জামিলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৫ উপধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় মোঃ রাকিবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোঃ রাকিব লাকসাম উপজেলার ফতেপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। অভিযানের সময় লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল কবির সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন। এ সময় উদ্ধার করা গাঁজা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের এ মাদকবিরোধী অভিযানে স্থানীয় এলাকাবাসী সহযোগিতা করেন। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ অভিযান তারই একটি দৃষ্টান্ত।

মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।

Leave a Reply