কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৪ জন গ্রেফতার,৬৬৯ পিছ ইয়াবা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৮ আগস্ট) কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের সকল থানার উদ্যোগে পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে মোট ৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply