

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ.)-এর ৩৮তম ওফাত দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় কৃষ্ণপুর বারাকাতবাগ দরবার শরিফে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পীর সাহেবের উত্তরসূরি, ভক্ত, খাদেম ও আশেকানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ.)-এর জীবন, কর্ম, আধ্যাত্মিক সাধনা এবং ইসলাম প্রচারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
