

ওমর ফারুক বিপদে পাশে পেলেন না যাকে বাঁচিয়েছিলেন
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় দুই স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা থামাতে গিয়ে গুরুতর হামলার শিকার হয়েছেন মো. ওমর ফারুক (৩৮) নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, ব্যবসায়ীদের রক্ষা করতে এগিয়ে গিয়ে তিনি হামলার শিকার হলেও পরে যাদেরকে বিপদ থেকে রক্ষা করেছিলেন, সেই ব্যবসায়ীরা তাঁর বিপদের সময় এগিয়ে আসেননি।
ঘটনাটি ঘটেছে গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার নাথেরপেটুয়া বাজারের পশ্চিম পাশে হাতিমারা রেললাইনের কাছে।
আহত ওমর ফারুক হাতিমারা গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের ছেলে। স্থানীয়দের সহায়তায় তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় কাটনীপাড়া স্বর্ণকার বাড়ির বাসিন্দা দুই স্বর্ণ ব্যবসায়ী শহীদ (৪৫) ও নুরুল ইসলাম (৪৫) রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে।
তাদের চিৎকার শুনে ওমর ফারুক ঘটনাস্থলে এগিয়ে যান। একপর্যায়ে তিনি হামলাকারীকে আটক করার চেষ্টা করেন। ব্যবসায়ীদের রক্ষা করতে গিয়ে তিনি নিজেই হামলার শিকার হন। তাকে সুয়েজ গেইট (চুরি) দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
তবে স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির চেষ্টা হিসেবে আলোচিত হলেও, পরে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে হামলাকারীর পূর্বপরিচয় ও লেনদেনের বিষয়টিও সামনে এসেছে। ঘটনার সময় হামলাকারী জানান নুরুল ইসলামের সাথে তার লেনদেন আছে। যার কারণে ঘটনাটি নিছক ডাকাতির ঘটনা, নাকি পূর্বপরিকল্পিত হামলা—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয় আহসান উল্লাহ সহ কয়েকজন এলাকাবাসী তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের এসআই সৈকত ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ।
ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া কথা জানান।
ঘটনার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং এর সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীদের কোনো পূর্বপরিচয় বা লেনদেনের সম্পর্ক ছিল কি না—তদন্তের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যাবে।
