

“আগামী জুনে ফ্যামিলি কার্ডে থাকবে সর্বোচ্চ বাজেট, ঈদের পর নতুন পরিবার যুক্ত হবে কর্মসূচিতে”
কুমিল্লা (লাকসাম) প্রতিনিধিঃ
চাঁদপুর সফরকে কেন্দ্র করে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে আয়োজিত এক বিশাল পথসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী জুন মাসের বাজেটে সরকারের সবচেয়ে বড় বরাদ্দ রাখা হবে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে। পাশাপাশি ঈদের পর লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের হাজারো পরিবারকে নতুন করে এই সুবিধার আওতায় আনার আশ্বাস দেন তিনি।
শনিবার দুপুরে মুদাফরগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ পথসভা জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। সভাস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দ্রব্যমূল্যের চাপ কমানো এবং নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন,
“ফ্যামিলি কার্ড শুধু একটি সহায়তা কর্মসূচি নয়, এটি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি রাষ্ট্রীয় অঙ্গীকার। আগামী জুনে এই খাতে সর্বোচ্চ বাজেট রাখা হবে এবং ঈদের পর লাকসাম-মনোহরগঞ্জ এলাকার আরও অসংখ্য পরিবারকে এর আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, সরকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। এ সময় তিনি লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার চলমান খাল খনন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং নিজের জন্য দোয়া চান। তিনি বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসাই তাকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, মোঃ রশিদ আহাম্মদ হোসাইনিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
পথসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং সাধারণ মানুষের মধ্যেও সরকারের নতুন ঘোষণাকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
