কুমিল্লায় ঈদকে ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার।


এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক। 

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড়, ঘরমুখো মানুষের যাতায়াত, কোরবানির পশুবাহী যানবাহনের চলাচল এবং পশুর হাটে মানুষের সমাগম বিবেচনায় জেলায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর নেতৃত্বে গত এক মাস ধরে জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বিত অভিযানে মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ডিবি পুলিশ এককভাবে ৪৬ জনকে আটক করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পুলিশ কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা, মহাসড়ক ও নদীপথকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক পাচারের প্রবণতা ছিল। বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর অপরাধের ধরন বিশ্লেষণ করে আধুনিক প্রযুক্তিনির্ভর কৌশল গ্রহণ করেন। ফলে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে দাবি পুলিশের।

ঈদকে সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশমুখে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোতোয়ালি থানা এলাকা থেকে ৩৮ জন, সদর দক্ষিণ থানা এলাকা থেকে ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ১৭ জন এবং বুড়িচং থানা এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ সিরাপ, ফেনসিডিল, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়াও ঈদকে সামনে রেখে বাজার ও পশুর হাটগুলোতে জাল টাকার বিস্তার রোধে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার করা হচ্ছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক তদারকিতে নিয়োজিত রয়েছেন। পুলিশ জানিয়েছে, জাল টাকা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “ঈদুল আজহাকে সামনে রেখে জনসাধারণের জানমালের নিরাপত্তা, মহাসড়কে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” তিনি নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply