
নিজস্ব প্রতিবেদক:
তিন দিনব্যাপী সারাদেশে অনুষ্ঠিত “ভূমি সেবা মেলা ২০২৬”-এর অংশ হিসেবে কুমিল্লাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে ২০২৬ তারিখে সকালবেলা সারাদেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লা সদর উপজেলায় এ মেলায় সহস্রাধিক মানুষকে বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অনেক জমিজমা সংক্রান্ত জটিলতা ও কাগজপত্রের সমস্যারও সমাধান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভূমি সেবা মেলা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব। অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা, সেবার মানোন্নয়ন এবং জনসেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মসিউজ্জামান। সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ সদর কুমিল্লার সহকারী কমিশনার (ভূমি) মাসিয়াত আক্তার।
ভূমি মেলা ২০২৬-এ “ভূমি উন্নয়ন কর ও নামজারি” ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ মনির হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লা। দ্বিতীয় স্থান অর্জন করে জেলা রেকর্ডরুম ডেপুটি কালেক্টর অফিস। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন আর আর ডিসি সেঁজুতি বণিক। তৃতীয় স্থান অর্জন করেন জরিপ অধিদপ্তরের উপজেলা সেটেলমেন্ট অফিসের মকবুল হোসেন, আদর্শ সদর, কুমিল্লা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও দ্রুত সেবা নিশ্চিত করতে সরকারের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

