

স্টাফ রিপোর্টার ঢাকাঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন সদস্য যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নতুন দায়িত্ব অনুযায়ী ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের দায়িত্বে যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সাচিং প্রু জেরী পাচ্ছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে মন্ত্রিসভায় নতুন ছয়জন সদস্য যুক্ত হওয়ায় সরকারের মন্ত্রিসভার আকারও বেড়েছে। প্রায় ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদলের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব এসেছে।
একই দিনে রাষ্ট্রপতির শপথ এবং নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
