লাকসামে স্কুল মাঠে অবৈধ পশুর হাট,প্রশাসনের অভিযান বন্ধ করা হয়। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কয়েকটি স্কুল-কলেজের মাঠে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গড়ে ওঠা ছয়টি অবৈধ পশুর হাট বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা জানান, দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলার নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলগাঁও স্কুল, উত্তরদা স্কুল, কামড্যা স্কুল, আজগরা স্কুল ও গোবিন্দপুর স্কুল মাঠ পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এসময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে স্কুল মাঠে পশুর হাট বসানোর জন্য স্থাপন করা বাঁশের খুঁটি ভেঙে ফেলা হয় এবং পশু বিক্রি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ইজারাদারদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষা কার্যক্রমের স্বার্থে মাঠগুলো উন্মুক্ত করে দেওয়া হয়।

তবে এ অভিযানে কোন ইজারাদার বা স্কুল প্রতিষ্ঠানের কাউকে জেল জরিমানা করা হয় নি।

অভিযান পরিচালনা করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে লাকসাম থানা পুলিশ।

ইউএনও নার্গিস সুলতানা আরও বলেন, “আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে ২০টি অস্থায়ী পশুর হাট বসবে। এসব হাটের অনুমোদন উপজেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া হয়েছে। তবে কোনো স্কুল-কলেজের মাঠে পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি। কিছু ইজারাদার অবৈধভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করছিল, তাই প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

Leave a Reply